মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামে তাজিম ও হেলালের ছত্রছায়ায় পরিচালিত একদল সন্ত্রাসীর পৈশাচিক হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর (সোমবার) দিবাগত রাত ১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী রুস্তাব মিয়া, উস্তার আলী, আরফান আলী, কুরফান আলী, তাজিম মিয়া, ভূতু মিয়া ও আতাউর মিয়াসহ একদল লোক মধ্যরাতে দেশীয় অস্ত্র নিয়ে মাসুক মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় মাসুক মিয়া, এলাইস মিয়া ও সয়ফুল মিয়া গুরুতর আহত হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এলাইস মিয়ার মাথার সামনের দিকে ৫টি এবং পেছনের দিকে ৩টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহতদের প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ‘পুলিশ কেইস’ হিসেবে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মাসুক মিয়া ও তার পরিবারের সঙ্গে এসব সন্ত্রাসীদের বিরোধ চলছিল। সম্প্রতি হুমকি-ধমকির পরই এই হামলা চালানো হয়।
আহত মাসুক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা (নং ২৫১, তারিখ: ১৩/১০/২০২৫) দায়ের করেছেন। মামলার তদন্তের দায়িত্ব তদন্ত কর্মকর্তা (এসআই) মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে বলে ওসি ওমর ফারুক জানিয়েছেন।
এদিকে, মামলার প্রধান তিন আসামি রুস্তাব মিয়া, উস্তার মিয়া ও তাজিম মিয়া বর্তমানে পলাতক। তবে বাকি আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। তাদের দাবি, কিছু রাজনৈতিক প্রভাবশালী ও কুলাউড়া থানার কথিত দালাল হেলালের ছত্রছায়ায় এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করছে।
গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার দিন পার হয়ে গেলেও স্থানীয় চেয়ারম্যান-মেম্বার, সাংবাদিক কিংবা প্রশাসনের কেউ মুখ খোলেননি। এতে আমরা আরও আতঙ্কিত।”
আহত পরিবারের সদস্যরা জানান, “আমরা ভয়ে দিন কাটাচ্ছি। পলাতক আসামিরা যেকোনো সময় আবারও হামলা চালাতে পারে।”
তারা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।