ফিলিস্তিনের পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সাম্প্রতিক খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব, বিশেষ করে প্রস্তাব ২৩৩৪–এর স্পষ্ট লঙ্ঘন করছে ইসরায়েল। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সম্প্রসারণের মাধ্যমে দেশটি তার বেআইনি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২২ অক্টোবরের উপদেষ্টা মতামতকে স্বাগত জানিয়েছে। ওই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞাও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। এর মধ্যে রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি।