১১ দিনেই স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা

 

কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল মাত্র ১২ অক্টোবর। কিন্তু সেই মর্যাদা টিকল মাত্র ১১ দিন। শুক্রবার (২৪ অক্টোবর) প্রজ্ঞাপন স্থগিত করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা থেকে বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দীন এক গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে একটা দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে।” তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২১ সালে পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয় সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়। রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়, যাতে বড় আকারের আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারে।

তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চললেও কক্সবাজার থেকে এমন ফ্লাইট চালাতে এয়ারলাইনগুলো আগ্রহ দেখায়নি। তাদের মতে, এই রুটগুলো বাণিজ্যিকভাবে লাভজনক নয়।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর পরিকল্পনা করেছিল। কিন্তু সেই ফ্লাইট শুরু হওয়ার আগেই ‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর।

এই আকস্মিক সিদ্ধান্তে পর্যটন খাতের উদ্যোক্তারা হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিমানবন্দরের মর্যাদা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন সেটি স্থগিত হওয়ায় দেশের পর্যটন উন্নয়ন পরিকল্পনা নতুন অনিশ্চয়তার মুখে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *