সাহিত্যে নোবেলজয়ী মার্কিন নাট্যকার ইউজিন ও’নীলের বিখ্যাত নাটক ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ মঞ্চে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটকটি আগামী শনিবার ও রবিবার (২৫ ও ২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে। টিকিটের বিনিময়ে নাটকটি দেখতে পারবেন দর্শকরা।
নাটকটি বাংলায় অনুবাদ করেছেন কবীর চৌধুরী। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন জবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা।
নির্দেশক রুবাইয়া জাবীন প্রিয়তা বলেন, “নোবেলজয়ী ইউজিন ও’নীলের এই নাটক কেবল পারিবারিক সংঘাতের গল্প নয়; এটি মানুষের গভীর আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও মুক্তির অনুসন্ধানের নাটক। এখানে সবাই ভালোবাসা খোঁজে, কিন্তু সেই ভালোবাসা মিশে থাকে অধিকার, ঈর্ষা ও দোষবোধের সঙ্গে। সেই জটিল মিশ্রণই ‘ইচ্ছা’ বা ‘ডিজায়ার’-কে গভীরভাবে মানবিক ও বেদনাময় করে তোলে।”
তিনি আরও যোগ করেন, “এই প্রযোজনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি—মানুষ কি কখনো তার ইচ্ছার ঊর্ধ্বে উঠতে পারে, নাকি প্রতিটি ইচ্ছাই তাকে নিজের তৈরি কারাগারে বন্দি করে রাখে? আমাদের অভিনয়শিল্পী ও কারিগরি দলের সবাই সেই প্রশ্নের উত্তর খুঁজতে যাত্রা শুরু করেছে। দর্শক যদি এই যাত্রায় সামান্য সময়ের জন্যও অংশ নেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
নাটকের প্রধান চরিত্র এফরায়েম ক্যাবট-এর ভূমিকায় অভিনয় করেছেন তাকরিম আহমেদ। তিনি বলেন, “ক্যাবট চরিত্রটি আমার কাছে সাধারণ নয়, বরং এক প্রজন্মের প্রতীক। তার নিঃসঙ্গতা অনুভব করা কঠিন ছিল। জমির প্রতি তার অন্ধ বিশ্বাসই শেষ পর্যন্ত তার কবর হয়ে দাঁড়ায়। আজও এমন মানুষ আছেন, যারা ভালোবাসতে জানেন, কিন্তু প্রকাশ করতে পারেন না।”
অ্যাবেন চরিত্রে অভিনয় করেছেন মনন মোস্তাকিন। তার ভাষায়, “অ্যাবেন ছোটবেলা থেকে মায়ের স্নেহ পায়নি। বাবার প্রতি তার গভীর রাগ ও অপূর্ণ ভালোবাসা একসঙ্গে লড়াই করে। সেই দোটানা মঞ্চে প্রকাশ করাই ছিল চ্যালেঞ্জ।”
অন্যদিকে অ্যাবি চরিত্রে রোকসানা আক্তার সায়মা বলেন, “অ্যাবি ভালোবাসা পেতে চায়, কিন্তু সমাজ তাকে সেই সুযোগ দেয় না। তার ভেতরে ভয়, দোষবোধ ও মায়া একসঙ্গে কাজ করে। দর্শক যেন তার কষ্টটা অনুভব করতে পারে, সেই চেষ্টাই করেছি।”
নাটকে আরও অভিনয় করেছেন জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শোভন, খুশি, মিঠুন, জ্যা চাকমা, অর্থি, পলক, রিভা, ইসরাত, সুরুজ ও তুলি। আবহ সংগীতে আছেন নওমী, শোভন, পলক ও সুরুজ। মঞ্চ নির্মাণে স্পর্শ ও টনি, আলোক প্রক্ষেপণে খন্দকার রাকিবুল হক ও রাজিন, পোস্টার ডিজাইন করেছেন সাদিয়া নিশা এবং প্রকাশনায় ছিলেন মুগ্ধ আনন।
দুদিনব্যাপী এই নাটকটি দর্শকদের আমেরিকান প্রেক্ষাপটে নির্মিত এক মানবিক কাহিনির গভীরে নিয়ে যাবে—যেখানে ভালোবাসা, অপরাধবোধ আর মুক্তির আকাঙ্ক্ষা একসঙ্গে গেঁথে আছে এক চিরন্তন মঞ্চকবিতায়।