আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় বামপন্থী কেটরিন কনলির

 

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী কেটরিন কনলি। শনিবার (২৫ অক্টোবর) ৪৩টি নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

কনলি মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থী প্রার্থী হেদার হাম্পফ্রিসকে পরাজিত করেন। হাম্পফ্রিস পেয়েছেন ২৯ দশমিক ৫ শতাংশ ভোট। ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘কেটরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। আমি তাকে আন্তরিক শুভকামনা জানাই।’

বিজয়ী ভাষণে কনলি বলেন, “আমি এমন একজন রাষ্ট্রপতি হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং প্রয়োজন হলে কথা বলবেন।” তিনি আরও যোগ করেন, “একসাথে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যেখানে সবার মূল্যায়ন করা হবে।”

গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা এবং প্রো-প্যালেস্টাইন অবস্থানের কারণে কনলি তরুণ ভোটারদের মধ্যে বিশেষ সমর্থন পেয়েছেন। সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিও তার জনপ্রিয়তা বাড়িয়েছে।

বিজয়ের পর কনলিকে অভিনন্দন জানিয়েছেন আয়ারল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মূলত আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সরাসরি নীতি বা আইন প্রণয়নের ক্ষমতা তার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *