ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল হতাশায়। ১৪ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ভারতে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আগামী নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মাসের পর মাস ধরে কেরালা সরকার ও আয়োজকেরা প্রস্তুতি নিচ্ছিলেন মেসিদের স্বাগত জানাতে। কিন্তু এএফএর সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, নভেম্বরে আর্জেন্টিনা কেবল একটি প্রীতি ম্যাচ খেলবে—অ্যাঙ্গোলার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়। এরপর দলটি ইউরোপে ফিরে যাবে অনুশীলনের জন্য।
ইভেন্টটির অন্যতম পৃষ্ঠপোষক আন্তো অগাস্টিন জানিয়েছেন, ফিফার অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কেরালায় নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। তিনি বলেন, ‘ফিফার অনুমোদনে দেরি হওয়ায় নভেম্বরের সূচিতে ম্যাচটি রাখা যায়নি। এএফএর সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, ম্যাচটি পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে।’
তবে পরবর্তী আন্তর্জাতিক বিরতি মার্চে, যখন আর্জেন্টিনার স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা খেলার সূচি আগে থেকেই নির্ধারিত। ফলে ভারতের মাটিতে মেসিকে খেলতে দেখতে ভক্তদের আরও অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখ্য, ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচই ছিল ভারতে মেসির একমাত্র উপস্থিতি। তবে ডিসেম্বর মাসে ‘GOAT Tour’-এর অংশ হিসেবে কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে মেসির আসার সম্ভাবনা রয়েছে।