পুরুষদের রিলেতে ব্রোঞ্জ
সাফ অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক

 

ভারতের রাঁচিতে চলমান সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। শনিবার (২৫ অক্টোবর) দ্বিতীয় দিনে পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেছেন চার অ্যাথলেট—লুসাদ ইসলাম, তারেক রহমান, আব্দুল মোতালেব ও মোহাম্মদ ইসমাইল।

৪০.৯৪ সেকেন্ড সময় নিয়ে তারা ফিনিশিং লাইন অতিক্রম করেন। এটি সাফ অ্যাথলেটিকসের চতুর্থ আসরে বাংলাদেশের প্রথম পদক।

ইভেন্টে ৩৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কা, আর ৪০.৬৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পেয়েছে ভারত। দৌড়ের শুরুতে ২০০ মিটার পর্যন্ত ভারতের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ দল, তবে শেষের দিকে গতি ধরে রাখতে পারেননি মোতালেব ও ইসমাইল।

এদিন মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে চতুর্থ হয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১১০ মিটার হার্ডলস, ৪০০ মিটার স্প্রিন্ট ও ডিসকাস থ্রোয়ে কোনো পদক জিততে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।

প্রথম দিনও পদকশূন্য থাকার পর দ্বিতীয় দিন এই ব্রোঞ্জ পদকই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *