
ভারতের বিহার রাজ্যে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে ও রাজ্যের প্রধান বিরোধী জোটের নেতা তেজ প্রতাপ যাদব। তিনি জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে বিহারে এমন একটি স্টেডিয়াম নির্মাণ করবেন যা ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ দিয়ে উদ্বোধন করা হবে।
তেজ প্রতাপ যাদব বলেন, “ভালোবাসা মানুষকে এগিয়ে নেয়, ঘৃণা নয়। আমি মানুষকে ভালোবাসি, তাই মানুষও আমাকে ভালোবাসবে। সেই ভালোবাসার জোরেই আমি জয়ী হব।”
বিহারের রাজনীতিতে লালু প্রসাদ যাদব এক সময় ছিলেন অন্যতম প্রভাবশালী নেতা। তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রদেশে একসময় প্রচলিত ছিল—
“যবতক বিহার মে রেহেগা আলু, তবতক রাহেগা লালু।”
তবে সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা অনেকটাই কমেছে। বর্তমানে লালু প্রসাদ অসুস্থ হয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তাঁর স্ত্রী রাবড়ি দেবী এক সময় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখন লালুর দল ক্ষমতার বাইরে, বিরোধী দলে রয়েছে।
এ অবস্থায় লালুর পুত্র তেজ প্রতাপ যাদব এখন প্রাদেশিক নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু উন্নয়ন ও ঐক্যের বার্তা—বিহারকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে যুক্ত করা।
তবে নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিহারের মানুষ অপেক্ষায় থাকছে, লালুর উত্তরসূরি তেজ প্রতাপ তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পাবেন কি না।