
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অভিষিক্ত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই মর্যাদায় অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই’র কমান্ড্যান্ট।
অভিষেকের পর জেনারেল ওয়াকার-উজ-জামান কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি কোরের প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
বক্তৃতায় সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, দেশ ও জাতি গঠনে এই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে অবিচল থেকে কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা, বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেড ও ইউনিটের কমান্ডার, ইসিএসএমই’র কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।