৮ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ
বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *