AI উপস্থাপক দিয়ে পুরো ডকুমেন্টারি প্রচার, দর্শক টেরই পেল না!

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়ে যখন আলোচনা-সমালোচনার ঝড় চলছে, ঠিক তখনই ব্রিটিশ ব্রডকাস্টার চ্যানেল ৪ দেখিয়ে দিলো প্রযুক্তির নতুন এক দিগন্ত। “Will AI Take My Job?” (AI কি আমার চাকরি নিয়ে নেবে?) শিরোনামে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে তারা পুরো অনুষ্ঠান উপস্থাপন করিয়েছে একজন এআই-নির্মিত প্রেজেন্টার দিয়ে—আর দর্শকরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারেননি যে তিনি বাস্তব মানুষ নন।

চ্যানেলটির জনপ্রিয় “Dispatches” সিরিজের অংশ হিসেবে প্রচারিত এই ডকুমেন্টারিতে দেখানো হয়, কিভাবে AI দ্রুতগতিতে বিভিন্ন পেশা—যেমন আইন, চিকিৎসা ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে—মানুষের জায়গা দখল করছে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল এই নারী উপস্থাপকের কথা বলা, অভিব্যক্তি ও রিপোর্টিং এতটাই বাস্তব ছিল যে কেউই সন্দেহ করেননি।

সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে একেবারে শেষ দিকে, যখন উপস্থাপক নিজেই বলেন—“আমি আসল মানুষ নই। ব্রিটিশ টিভিতে এটাই প্রথম, আমি একজন AI প্রেজেন্টার।” এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই ঘটনাটিকে বিখ্যাত সাই-ফাই সিরিজ ব্ল্যাক মিরর-এর বাস্তব রূপ বলে মন্তব্য করেন।

এই ডিজিটাল উপস্থাপককে তৈরি করেছে একটি AI মার্কেটিং এজেন্সি, যারা বিভিন্ন প্রম্পট ও ভিজ্যুয়াল ডেটা ব্যবহার করে তাকে সম্পূর্ণ বাস্তব মানুষের মতো করে তুলেছে।

তবে Channel 4 জানিয়েছে, তারা নিয়মিত এআই উপস্থাপক ব্যবহার করবে না। বরং এই পরীক্ষামূলক উদ্যোগের উদ্দেশ্য ছিল দেখানো—AI প্রযুক্তি এখন কতটা উন্নত, এবং সাংবাদিকতায় ফ্যাক্ট-চেকিং ও মানবীয় বিচারবোধের গুরুত্ব কতটা অনিবার্য।

এই ঘটনার পর প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি প্রমাণ করে দিচ্ছে—AI এখন শুধু সহায়ক নয়, বরং বিনোদন ও গণমাধ্যমের ক্ষেত্রেও নতুন যুগের সূচনা করে ফেলেছে।

এখন প্রশ্ন উঠছে—এরপর কোন ক্ষেত্রে আমরা এমন আরেক “ডিজিটাল মানুষ”-এর মুখোমুখি হতে যাচ্ছি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *