
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে বিশ্বের সর্বোচ্চ পাম্পড-স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার চালু হওয়া স্টেট গ্রিড সিনইউয়ান চুরং পাম্পড-স্টোরেজ পাওয়ার স্টেশনটি নির্মাণের পর এখন পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
বিদ্যুৎকেন্দ্রটির বাঁধের উচ্চতা ১৮২ দশমিক ৩ মিটার, যা বর্তমানে বিশ্বের সব পাম্পড-স্টোরেজ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। চুরং শহরে অবস্থিত এই কেন্দ্রটিতে রয়েছে ছয়টি ২২৫-মেগাওয়াটের রিভার্সিবল পাম্প-টারবাইন জেনারেটর ইউনিট। এর মোট স্থাপিত সক্ষমতা সাড়ে ১৩ লাখ কিলোওয়াট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রটি বছরে প্রায় ১৩৫ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে—যা প্রায় ৩ লাখ ৬০ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম।
স্টেট গ্রিড চেনচিয়াং পাওয়ার সাপ্লাই কোম্পানির উন্নয়ন বিভাগের পরিচালক ওয়াং ছেনহুই বলেন, কেন্দ্রটি পুরোপুরি চালু হলে প্রায় ২৭ লাখ কিলোওয়াট দ্বিমুখী বিদ্যুৎ নিয়ন্ত্রণ সক্ষমতা পাওয়া যাবে। এতে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার টন কয়লা সাশ্রয় হবে এবং ৩ লাখ ৪৯ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো সম্ভব হবে।