
খুলনার আভা সেন্টারে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টেম ক্যাম্প। উপকূলীয় অঞ্চলের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো বাগেরহাট জেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন, এবং খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়।
ক্যাম্পের মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলের মেয়েদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ তৈরি, আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
প্রথম দিনে শিক্ষার্থীরা অলিম্পিয়াড সম্পর্কে ধারণা নিচ্ছে, প্রস্তুতির কৌশল শিখছে এবং হাতে-কলমে বিজ্ঞান, স্ক্র্যাচ প্রোগ্রামিং, রোবটিক্স ও ড্রোন বিষয়ে কাজ করছে।
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন করবে। সেখানে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুপ্রেরণামূলক সেশনে অংশ নিয়ে তারা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষার পথ, ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এবং নারী হিসেবে STEM ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
উল্লেখ্য, উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, আর পৃষ্ঠপোষকতা করছে মালালা ফান্ড। আয়োজনটি “স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (SISGCA)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।