
খাগড়াছড়ি জেলার গুইমারায় ইউপিডিএফ-এর সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৩ জন নিরীহ নাগরিক হত্যার প্রতিবাদে বুধবার (৩০ অক্টোবর) ঢাকার বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের ঢাকা ইউনিট।
সমাবেশে বক্তৃতা দেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায, সদস্য সেলিম রেজা বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও চাকরি সংস্কার আন্দোলনের আহবায়ক জালাল আহমদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ মিজান উদ্দিন, সাংবাদিক রাসেল মাহমুদ, চট্টগ্রাম সমিতির সভাপতি এম এ হাশেম রাজু, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, “যে পাহাড়ে শান্তির স্বপ্ন দেখেছিলাম, সেই পাহাড় আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের কবলে। প্রশাসন ও সরকারের উচিত দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া। যদি পাহাড়ে উন্নয়ন ও সহাবস্থান চাই, প্রথমে এই সন্ত্রাসী শক্তির মূল উৎস ধ্বংস করতে হবে।”
মোস্তফা আল ইহযায আরও বলেন, “গত ২৬ সেপ্টেম্বর ইউপিডিএফ তুচ্ছ ঘটনার নাটক সাজিয়ে ধর্ষণবিরোধী মহাসমাবেশের আড়ালে খাগড়াছড়ি সদরে হামলা চালায়। এতে দোকানপাট ভাংচুর, লুটপাট ও স্থানীয় জনগোষ্ঠী ও গ্রামে হামলা চালানো হয়। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর সেনাবাহিনীকে লক্ষ্য করে আবারও সন্ত্রাসী হামলা চালানো হয়, যেখানে ১৬ জন সেনা ও শতাধিক নিরীহ মানুষ আহত হয়। ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে তিন যুবককে হত্যা করা হয়েছে।”
বক্তারা আরও বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষদের মিলেমিশে বসবাসের প্রতীক। সাম্প্রতিক সময়ে অঞ্চলটি নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। শান্তিপ্রিয় মানুষদের ওপর সন্ত্রাসী হামলা, অপহরণ ও চাঁদাবাজি করে আধিপত্য কায়েমের চেষ্টা করা হচ্ছে।”
সমাবেশে নেতৃবৃন্দ সব সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।