জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সরকার ও কমিশন: মান্না

জুলাই সনদ নিয়ে সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যাদের ভালো নির্বাচন দেওয়ার কথা, সেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’

মান্না অভিযোগ করেন, সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘দেশ এখন বড় সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নির্বাচনের বিকল্প নেই।’

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘সংস্কার সংস্কার খেলার শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না। যথাযথভাবে সঠিক নির্বাচনের বিকল্প নেই।’

জামায়াত ও বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত আন্দোলনের নামে খেলা করছে। বিএনপি আন্দোলনে নামলে দেশের কী হবে, সেটা চিন্তা করে দেখেন।’

মান্না বলেন, ‘দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে। এই অবস্থায় গণতান্ত্রিক পথেই সমাধান খুঁজে বের করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *