
আওয়ামী লীগের সঙ্গে এনসিপির (ন্যাশনাল কমিউনিটি পার্টি) সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগবিহীনভাবেই এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর। বিএনপি-জামায়াতের সঙ্গেও দূরত্বের বিষয়টি ঠিক নয়।”
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। সকালে ঘুম থেকে উঠে যা মনে হয়, সেটাই ঘোষণা দেয়। ‘শাপলা কলি’ কিংবা ‘বেগুন’ প্রতীক কোন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে—তা এখনো স্পষ্ট নয়।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। এভাবে চলতে পারে না। তাদের নীতিমালা ও নিয়মের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।”
এদিন সকালে বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।
সভায় এনসিপিকে আরও শক্তিশালী করা ও সাংগঠনিক কার্যক্রম বিস্তারের বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হবে।