
রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক আরও দৃঢ় না হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।
শনিবার (১লা নভেম্বর) রাজধানীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সপ্তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত রেঙ্গলি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি নাগরিকের আস্থা ও সুশাসন ছাড়া কোনো দেশেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
তিনি আরও বলেন, “সকল পক্ষের যৌথ উদ্যোগের মাধ্যমেই সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়া সম্ভব।”
ভাষণে রাষ্ট্রদূত রেঙ্গলি সুইজারল্যান্ড-সমর্থিত “সোশ্যাল রেজিলিয়েন্স ইন দ্য সুন্দরবনস ডেল্টা” গবেষণা উদ্যোগের উদাহরণ দেন। তিনি বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিচালিত এই প্রকল্প খাদ্যনিরাপত্তা, টেকসই কৃষি ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে, যা সুন্দরবনের জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করছে।