নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি বাহিনী প্রধানদের সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে পরিশ্রম করেছেন, তা প্রশংসার যোগ্য।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় তাদের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্বে থাকবে।

এ ছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *