ডায়াবেটিসের কারণ হিসেবে আমরা এতদিন শুধু চিনি বা মিষ্টিজাত খাবারকেই দায়ী করে এসেছি। কিন্তু এবার গবেষকেরা বলছেন, লবণও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সের টুলেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন, যা চিকিৎসাবিজ্ঞানী ও সাধারণ মানুষ—দু’পক্ষকেই বিস্মিত করেছে।
আগে ধারণা করা হতো, অতিরিক্ত লবণ খেলে কেবল উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। কিন্তু টুলেন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লবণ টাইপ–২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগ বিগত ১১ বছর ৮ মাস ধরে প্রায় ৪ লাখ নিবন্ধিত নাগরিকের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করেছে। এদের মধ্যে ১ লাখ ৩০ হাজার জন টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের বড় একটি অংশ নিয়মিত খাবারে সাধারণের তুলনায় বেশি লবণ গ্রহণ করতেন।
এই বিশ্লেষণটি করা হয়েছে যুক্তরাজ্যের বায়ো ব্যাংক–এর তথ্যভান্ডারের ওপর ভিত্তি করে। গবেষকেরা জানিয়েছেন, যেসব মানুষ নিয়মিত খাবারে অতিরিক্ত লবণ যোগ করেছেন, তাঁদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৩ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেশি ছিল। কিছু ক্ষেত্রে এ হার ৩৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
গবেষণাটি প্রকাশের পর বিজ্ঞানীরা বলছেন, এতদিন আমরা মিষ্টির সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কই জানতাম। কিন্তু এখন স্পষ্ট হচ্ছে—লবণও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে।
এখন সময় এসেছে আমাদের খাদ্যাভ্যাস নতুনভাবে ভাবার। কেবল উচ্চ রক্তচাপ নয়, ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও খাবারে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। খাবার সুস্বাদু রাখতে লবণ অবশ্যই দরকার, তবে তার পরিমাণ যেন শরীরের জন্য বিষে পরিণত না হয়—সেদিকে খেয়াল রাখাই এখন সবচেয়ে জরুরি।