প্রাণঘাতী রোগ থেকে মুক্তি ও আপনজনের মঙ্গল কামনায় কুমিল্লার মহেশাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বালন উৎসব। মঙ্গলবার (৪ নভেম্বর) শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে এ ধর্মীয় উৎসব পালিত হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসে উপবাস পালন করে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাঁর সেই উপদেশের ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই উৎসব পালন করে আসছেন।
উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে মহেশাঙ্গণ প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত-পুণ্যার্থীদের পদচারণায়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো এলাকা আলো ও ধূপের ধোঁয়ায় সৃষ্টি হয় ভিন্ন এক আধ্যাত্মিক পরিবেশ।
মহেশাঙ্গণ লোকনাথ যুব সেবা সংঘের সিনিয়র সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার জানান, “প্রতি বছর কার্তিক মাসের ১৫ তারিখের পর প্রতি শনি ও মঙ্গলবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে এবার প্রথম দিনে ৭৫০ জন ব্রতী অংশ নিয়েছেন।”
ধর্মীয় শান্তি, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের প্রত্যাশায় শতবর্ষ ধরে চলে আসা এই আচার এখন কুমিল্লার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে।