জুলাই সনদ বাস্তবায়ন হবেই: নাহিদ ইসলাম

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বাস্তবায়ন অনিবার্য। তিনি বলেন, “জুলাই সনদের পথে আমরা রয়েছি, এটা বাস্তবায়ন হবেই। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।”

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৬ বছরের শিক্ষা খাতের রাজনীতি নিয়ে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেওয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”

তিনি বলেন, “শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।”

বেকারত্ব সমস্যা প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “বেকারত্ব দূর করতে হলে প্রথমেই শিক্ষা খাতকে সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তনও অসম্ভব হয়ে পড়বে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *