মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ৩ নভেম্বর (সোমবার) শ্রীপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
সকালে তিনি ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।”
এরপর তিনি ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে শ্রীপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা পরিদর্শন করেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুব সমাজই জাতির ভবিষ্যৎ—তাদের সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
পরে জেলা প্রশাসক সাচিলাপুরের হাটদারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঠিক পথে চলার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।
জেলা প্রশাসকের এই সফর শ্রীপুরের স্থানীয় প্রশাসন, কৃষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।