চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

 

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF)। শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা পিএনএস সাইফকে অভ্যর্থনা জানায়।

চট্টগ্রামে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।

একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারাও পিএনএস সাইফ জাহাজটি পরিদর্শন করবেন।

নৌবাহিনীর কর্মকর্তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে পিএনএস সাইফ আগামী ১২ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *