১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তারেক রহমান

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীতে সালাহউদ্দিন আহমেদ তারেক রহমানের হাতে পানি তুলে দিয়ে অনশন ভাঙান। এরপর তাকে অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে অনেকেই শহীদ হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন। তিনিও নানা নির্যাতনের শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার লক্ষ্যে তারা দল নিবন্ধনের আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পরও তাদের নিবন্ধন দেওয়া হয়নি। আজ নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। আশা করছি, তাদের আবেদন পুনর্বিবেচনা করা হবে।”

বিএনপির এই নেতা জানান, তারেক রহমানকে অনুরোধ করে অনশন ভাঙাতে বলেন তিনি, এবং তারেক তা মেনে নেন।

আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে মো. তারেক রহমান টানা ১৩৪ ঘণ্টা অনশন করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অনশন ভাঙানোর অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *