চীনের চাংছিং তেলক্ষেত্রে শেল তেল উত্তোলন ২ কোটি টন ছাড়িয়েছে

চীনের সবচেয়ে বড় শেল তেল উৎপাদন কেন্দ্র চাংছিং তেলক্ষেত্র থেকে এখন পর্যন্ত ২ কোটি (২০ মিলিয়ন) টনেরও বেশি শেল তেল উত্তোলন করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC)।

চাংছিং তেলক্ষেত্রে প্রায় ১ বিলিয়ন টনেরও বেশি শেল তেলের মজুদ রয়েছে, যা দেশটির জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে CNPC।

শেল তেল এমন এক ধরনের অপ্রচলিত পেট্রোলিয়াম সম্পদ, যা মাটির গভীরে থাকা পাথরের স্তরে জমে থাকে। প্রচলিত তেলের মজুদ কমে যাওয়ায় এই শেল তেল ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহারের সম্ভাবনা তৈরি করছে। তবে, পাথরের ভেতর থেকে এই তেল উত্তোলন করা প্রযুক্তিগতভাবে জটিল এবং ব্যয়বহুল।

চাংছিং তেলক্ষেত্রের উপ-ব্যবস্থাপক লিউ ইছাং বলেন, “এই বছরের শেষ নাগাদ আমরা ৩.৫ মিলিয়ন টনেরও বেশি শেল তেল উৎপাদনের লক্ষ্য নিয়েছি। ২০৩০ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ৪.৫ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।”

চাংছিং তেলক্ষেত্র চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি, গানসু ও নিংশিয়া অঞ্চলে বিস্তৃত। এটি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *