জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
তিনি ৩৮টি ভোটের মধ্যে ২৯টি ভোট পেয়ে এ পদে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দক্ষিণ কোরিয়ার থমাস হান পান ৯টি ভোট।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান আর্চারি ফেডারেশনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে আর্চারি খেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের আর্চারি খেলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনে জয়লাভের পর তিনি বলেন, “এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।”
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড ‘কিউট’-এর শিল্প প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি, ঐতিহ্যবাহী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান এবং আরামবাগ ও নবীনগরের রতনপুরের কৃতি সন্তান।
বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আরামবাগ ও নবীনগরসহ তাঁর নিজ এলাকা এবং দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই মনে করছেন, এই বিজয় বাংলাদেশের আর্চারি খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দেবে।