মেয়ের জন্য কবর খুঁড়েছিলেন বাবা — আজ সেখানে ফুটেছে সূর্যমুখী

 

২০১৭ সালে চীনের সিচুয়ান প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে এক বাবা নিজ হাতে খুঁড়েছিলেন তাঁর দুই বছর বয়সী মেয়ের কবর। কারণ, মেয়েটি ছিল গুরুতর থ্যালাসেমিয়ায় আক্রান্ত, আর চিকিৎসার খরচ — প্রায় ১০ লক্ষ ইউয়ান (প্রায় ১.৯৫ কোটি টাকা)। পরিবারের সব সঞ্চয় শেষ, কিন্তু আশা ছিল মৃত্যুর কাছাকাছি।

ঝাং লিয়ং নামের ওই বাবা প্রতিদিন খোঁড়া কবরের পাশে মেয়েকে নিয়ে বসতেন — খেলতেন, গল্প করতেন, কখনো ঘুমাতেনও। তিনি বলেছিলেন, “যদি মেয়ে এই পৃথিবী ছেড়ে যায়, তবে মৃত্যুর সঙ্গে তার পরিচয়টা আগেভাগেই হয়ে যাক।”

কিন্তু এই হৃদয়বিদারক দৃশ্য যখন এক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন শুরু হয় এক অন্য গল্প। লাখো মানুষ আবেগাপ্লুত হয়ে তাঁদের সহায়তা করতে সামনে এগিয়ে আসেন। চীনের জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মগুলো কেবল এক মাসের মধ্যেই সম্পূর্ণ চিকিৎসা খরচ তুলে দেয়।

ডাক্তারদের পরামর্শে ঝাং দম্পতি পরবর্তীতে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের কর্ড ব্লাডের স্টেম সেল ব্যবহার করে বড় মেয়ের চিকিৎসা করা হয়। এক স্থানীয় ব্যবসায়ী তাদের চিকিৎসা-পরবর্তী সমস্ত খরচও বহন করেন।

সেই মেয়ে আজ সুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। আর ঝাং লিয়ং? তিনি মেয়ের জন্য খোঁড়া সেই কবরটিতে মাটি ভরাট করে সূর্যমুখীর বীজ ছিটিয়ে দিয়েছেন। এখন সেখানে প্রতিদিন সূর্যের দিকে মুখ তুলে ফুটছে সূর্যমুখী — যেন জীবনের জয়গান।

এই ঘটনা শুধু চিকিৎসা সাফল্য নয়, বরং এক পিতার অটুট ভালোবাসা, সামাজিক ঐক্য এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষ পরষ্পরের পাশে দাড়ানোর এক জ্বলন্ত উদাহরণ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *