শিশুর প্রাথমিক বিকাশের সময় নিরাপত্তা, শিক্ষা ও যত্ন নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের প্রধান কার্যালয় ‘বিনিয়োগ ভবনে’ চালু করেছে আধুনিক ও পেশাদার ডে কেয়ার সেবা।
বিডা জানায়, কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নিরাপদ ও স্নেহময় পরিবেশে এই ডে কেয়ার সেবা চালু করা হয়েছে। সেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ঢাকা আহসানিয়া মিশনের অধীনস্থ ‘লিটল ডাকলিংস’কে।
বিডা ডে কেয়ার সেন্টারের সেবা পাওয়া যাবে নামমাত্র ফিতে, এবং সীমিত আয়ের অভিভাবকদের জন্য ছাড়ের সুযোগও থাকবে। ইতোমধ্যে “বিডা ডে কেয়ার সেন্টার গাইডলাইন ২০২৪” প্রণয়ন করে সেবার কাঠামো, নিরাপত্তা মানদণ্ড ও শিশুকল্যাণ সম্পর্কিত নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে।
বিডার এক কর্মকর্তা বলেন, “প্রাতিষ্ঠানিক উন্নয়ন তখনই টেকসই হয় যখন সেটি পরিবারবান্ধব ও নারীবান্ধব হয়। আমরা চাই, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিন্ত মনে কাজ করুন, তাদের সন্তানের যত্নের চিন্তা যেন তাদের উৎপাদনশীলতায় বাধা না হয়।”
সংস্থাটি জানায়, এই উদ্যোগের মাধ্যমে কর্মজীবী মা-বাবারা যেমন স্বস্তি পাবেন, তেমনি অফিসে নারী কর্মীদের অংশগ্রহণ ও কর্মদক্ষতাও বাড়বে।
বিডা আশা করছে, এই ডে কেয়ার সেন্টার কর্মক্ষেত্রে পরিবারবান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে উঠবে।