প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছে আন্দোলনরত ৮ দল

 

আন্দোলনরত ৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) তারা জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবিতে সরকারের সঙ্গে আলোচনা করবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই স্থানে ৮ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে নেতারা জানান, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি, যা উদ্বেগজনক। তারা জানান, এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সময় চাওয়া হবে।

জোটের একাধিক সূত্র জানায়, আলোচনায় দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি না হলে ৮ দল আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করবে।

উল্লেখ্য, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে ৮ দল গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় কর্মসূচি চালিয়ে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *