চীনে চিকিৎসা সেবায় এআই বিপ্লব

 

চীনে চিকিৎসা সেবা এখন আরও সহজ ও স্মার্ট। স্মার্টফোনে একটি অ্যাপ খুলে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই দেশের শীর্ষ চিকিৎসকদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক রোগ নির্ণয় জানিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

একিউ (Eku)’ নামের এই অ্যাপটি সম্প্রতি চেচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে বিশেষভাবে নজর কাড়ে। গত জুনে চালু হওয়া অ্যাপটি প্রশিক্ষিত হয়েছে চীনের শীর্ষ চিকিৎসকদের ক্লিনিক্যাল ডেটা দিয়ে। ব্যবহারকারীরা অনলাইনে এআই সহায়তাযুক্ত চিকিৎসা পরামর্শ পেতে পারেন, পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করাতে পারেন, এমনকি চিকিৎসকদের সহকারী হিসেবেও এটি কাজ করে।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা কেন্দ্রীকরণ চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। দূরবর্তী এলাকায় দক্ষ চিকিৎসক স্বল্পতা ও সেবা বৈষম্য কমাতে সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে এআই প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে। নতুন নীতিমালা ও প্রযুক্তিগত বিনিয়োগ এই উদ্যোগকে আরও শক্তিশালী করছে।

সম্মেলনে প্রদর্শিত হয় আরেকটি আলোচিত প্রযুক্তি—এআইচালিত ম্যাসাজ রোবট। ইজফিউচার নামের কোম্পানির তৈরি এই রোবট মাত্র ৩ সেকেন্ডে পিঠের ৭৪টি আকুপয়েন্ট শনাক্ত করে এবং অভিজ্ঞ থেরাপিস্টের মতো ম্যাসাজ দেয়। ইতোমধ্যে চীনের ৭৬ শতাংশ প্রাদেশিক অঞ্চলের বৃদ্ধাশ্রম ও ওয়েলনেস সেন্টারে এটি সাড়ে তিন লাখবারেরও বেশি সেবা দিয়েছে।

চীনা বিজ্ঞানীরা ঘুম-সংক্রান্ত প্রযুক্তিতেও নতুন দিগন্ত খুলছেন। চীনা বিজ্ঞান একাডেমির বিশেষজ্ঞ লু লিন জানিয়েছেন, এআই-চালিত বিছানা ও বালিশ ভবিষ্যতে ঘুম পর্যবেক্ষণ করবে, মনোরম সংগীত বাজাবে, এমনকি হঠাৎ হৃদ্যন্ত্রজনিত জটিলতা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে সিপিআর (কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন) চালু করে চিকিৎসককে সতর্ক করবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, রোবোটিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে উৎপাদন ব্যয় কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইজফিউচারের প্রধান চিয়োং ইউ আশা প্রকাশ করেন, “উৎপাদন ব্যবস্থার উন্নয়ন হলে এআই ম্যাসাজ রোবট ঘরোয়া পর্যায়েও পৌঁছে যাবে, তখন প্রযুক্তির সুফল সত্যিকার অর্থেই সবার নাগালে আসবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *