গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে — মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের বার্তা একটাই—গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেবো। আজকে গণতন্ত্রে উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থন এখানে পুরোপুরিভাবেই রয়েছে।”

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরেন। আর শুক্রবার রাতে দেশে ফেরেন ফখরুল।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। যারা গিয়েছেন তাদের সঙ্গে আলাপ হওয়াটাই তো স্বাভাবিক।”

তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সফরসঙ্গী হয়েছিলাম। আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। বিশেষ করে জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকেও সফরটি অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।”

সফরের অভিজ্ঞতা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের পাশাপাশি অন্যান্য সভাতেও আমরা অংশ নিয়েছি। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *