কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ ছমিলপাড়া এলাকায় বিশ্ববরেণ্য বাউল শিল্পী ফকির শফি মন্ডলের তৃতীয় খেলাফত দিবস উপলক্ষে শুরু হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ ও ভক্তিসঙ্গীত অনুষ্ঠান।
“মানুষ ভজলে সোনার মানুষ হবি”—লালন সাঁইয়ের এই আধ্যাত্মিক বাণীকে প্রতিপাদ্য করে মঙ্গলবার সন্ধ্যায় ভক্তি সংগীত ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাতভর লালন সাঁইয়ের গান, বাণী ও দর্শনের আসর বসে সুধাসিন্ধু ভাব আশ্রম প্রাঙ্গণে।
সাধুসঙ্গে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বাউল, ফকির ও ভক্ত আশ্রমে সমবেত হয়েছেন। হোসেনাবাদ হিসনা নদীর পাড়জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। আশ্রমের চারপাশে বসেছে গ্রামীণ মেলা, যেখানে স্থানীয় কৃষিপণ্য, হস্তশিল্প, লোকজ সামগ্রী ও নানা রকম খাবারের দোকানে জমে উঠেছে বেচাকেনা।
ঢাকা থেকে আসা ফকির শফি মন্ডলের এক ভক্ত সাব্বির হোসেন বলেন, “গুরুর খেলাফত দিবস আমাদের আত্মিক পুনর্মিলনের দিন। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়, ভাব বিনিময় হয়, ভালো লাগে।”
মেলার ব্যবসায়ীরা জানান, তারা দুই দিন আগে থেকেই দোকান বসিয়েছেন। প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছেন তারা। বেচাকেনা ভালো হচ্ছে, উৎসবের আমেজও উপভোগ করছেন।
সাধুসঙ্গের আয়োজক কমিটির সদস্য ফকির শফি মন্ডলের বড় মেয়ে ফারজানা ববি লিনা ও জামাতা মুকুল হোসেন জানান, সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান বুধবার সকালে বাল্যসেবা ও দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হবে।
মেলা প্রাঙ্গণ ও আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতপুর থানা পুলিশ মোতায়েন রয়েছে। থানার ওসি সোলাইমান শেখ বলেন, “দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আছি, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
উল্লেখ্য, বিশ্ববরেণ্য বাউল ও সুফি সংগীতশিল্পী ফকির শফি মন্ডল ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতচর্চা শুরু করে ১৯৭৯ সালে ভারতের সাধন মুখার্জির কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। পরে ফকির সুলতান শাহের দীক্ষা গ্রহণ করে লালন দর্শনের পথে অগ্রসর হন।
১৯৯৫ সালে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় এবং ১৯৯৮ সালে ‘লালনের দেশে’ অ্যালবামের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি তরুণ প্রজন্মকে বাউল সংগীতে প্রশিক্ষণ দিচ্ছেন এবং লালন সাঁইয়ের দর্শন দেশ-বিদেশে প্রচারে নিবেদিত রয়েছেন। ২০২২ সালের ১১ নভেম্বর তিনি খেলাফত গ্রহণ করেন।