প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন এবং একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানান।

এ ঘোষণার প্রেক্ষিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি তাকে ধন্যবাদ জানায়। সভায় আরও বলা হয়, গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত স্বাগতযোগ্য।

স্থায়ী কমিটি সভা থেকে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

বিএনপি নেতারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারার পুনরুদ্ধার সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *