জাতীয় নির্বাচন সামনে রেখে আরও ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।

এর আগে দুই দিনে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়—গত রোববার ১৪ জেলায় এবং তার আগের দিন শনিবার রাতে ১৫ জেলায়। তিন দফায় এভাবে মোট ৫২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামে, বিপিএটিসির পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসান লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন।

অন্যদিকে, তথ্য মন্ত্রণালয়ের শাহেদ মোস্তফা পাবনায়, বাণিজ্য মন্ত্রণালয়ের রেজাউল করিম ঢাকায়, মন্ত্রিপরিষদ বিভাগের এনামুল আহসান রংপুরে, আশেক হাসান যশোরে, ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব শফিকুল ইসলাম নোয়াখালীতে, আলম হোসেন গাজীপুরে, মাকসুদুর রহমান গাইবান্ধায়, অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে, জাহাঙ্গীর আলম মাদারীপুরে, তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে, খায়রুল আলম সুমন বরিশালে, তাছলিমা আক্তার বরগুনায় এবং নাজমা আশরাফী রাঙামাটিতে ডিসি পদে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তারা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল ঘোষণা পর্যন্ত মাঠ প্রশাসন তদারক করেন এবং পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন।

এদিকে, ৮ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়—চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ সোলায়মান পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ফাতেমা তুল জান্নাত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর মোহাম্মদ আব্দুল আউয়াল কৃষি মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাস্থ্যসেবা বিভাগে, লক্ষ্মীপুরের রাজীব কুমার সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ে, চট্টগ্রামের সাইফুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ে, নেত্রকোনার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার মো. আমিরুল কায়সার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে পদায়ন পেয়েছেন।

সরকারি সূত্র বলছে, জাতীয় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসনিক ভূমিকা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এই রদবদল আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *