গ্রাহকের ভরসা আরও পোক্ত করল গার্ডিয়ান লাইফ

আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহক প্রতিশ্রুতি রক্ষায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকেও শক্ত অবস্থান বজায় রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মোট ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি পরিশোধ করেছে। এর ফলে নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সক্ষম ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে বাজারে তাদের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পরিশোধিত দাবির মধ্যে মৃত্যুজনিত দাবি বাবদ ২১৮.৪৯ কোটি টাকা, স্বাস্থ্যবিমা দাবিতে ১৪৪.৫৪ কোটি টাকা এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ২১.৭৩ কোটি টাকা গ্রাহকদের প্রদান করা হয়েছে।

গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, দাবি নিষ্পত্তি প্রতিষ্ঠানটির কাছে শুধু আর্থিক লেনদেন নয়; এটি গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি পূরণের প্রতীক। তিনি জানান, প্রতিটি দাবির ক্ষেত্রে স্বচ্ছতা, দ্রুততা ও গ্রাহক সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়। ডিজিটাল প্রক্রিয়া ও সুশাসনে নিয়মিত বিনিয়োগ প্রতিষ্ঠানটির দক্ষতা ও আস্থা বৃদ্ধি করেছে।

ব্র্যাক, এপেক্স ও স্কয়ারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত গার্ডিয়ান লাইফ বর্তমানে রিটেইল, গ্রুপ, মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল ও ব্যাংকাস্যুরেন্স চ্যানেলের মাধ্যমে প্রায় ১.৩ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। এদের মধ্যে রয়েছে ৫০০–এর বেশি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মী।

দেশের প্রথম ও একমাত্র শতভাগ ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি করে থাকে। প্রতিষ্ঠানটি জানায়, ক্যাশলেস মডেল গ্রাহকদের লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ন্ত্রণ বাড়ায়।

উদ্ভাবন ও সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় গার্ডিয়ান লাইফ দেশজুড়ে গ্রাহকসেবা উন্নয়ন, কমিউনিটি ক্ষমতায়ন এবং দেশের ইন্স্যুরেন্স খাতকে আরও স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *