বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস ও সুস্থতা: কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌলস্থিত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুইশত রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম। তিনি সমিতির সভাপতি এড. তাইফুর আলমের ডায়াবেটিস পরীক্ষা করে বিনামূল্যে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তারা বলেন, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস, চিকিৎসকের পরামর্শমতো ওষুধ বা ইনসুলিন গ্রহণ এবং নির্দিষ্ট সময়ে চেকআপ— এসব অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং সুস্থ কর্মক্ষম জীবন নিশ্চিত করে।
অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বীথি, মেডিকেল অফিসার ডা. রিয়াদ, সমিতির আজীবন সদস্য জাকির মাস্টারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার এসিআই’র কর্মকর্তারাও অংশ নেন।