ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনা সম্পন্ন করেছে। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জরুরি সংস্কার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য রোডম্যাপ নিয়ে মতবিনিময় করা হয়।
এনসিপি প্রতিনিধি দল আইএমএফকে ধন্যবাদ জানায় দেশের সংকটময় সময়ে সহায়তার জন্য এবং প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ধারাবাহিক সমর্থনের জন্য। তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য এসব সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব–জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট ও যুব কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে জানান, তারা রাজস্ব ডিজিটালাইজেশন ও আর্থিক খাতের চলমান সংস্কার সমর্থন করছেন এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় পূর্ববর্তী সরকারের ‘ক্লেপ্টোক্রেসি’ এবং তার প্রভাব, অনানুষ্ঠানিক অর্থনীতি হ্রাস, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে বাংলাদেশের জনগণই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি এবং তাদের মেধা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশ আরও সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
আইএমএফ-এর প্রতিনিধি ছিলেন ক্রিস পাপাজর্জিউ (মিশন চিফ), ম্যাক্সিম ক্রিশকো (ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ) এবং তৌহিদ এলাহি (ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক এনালিস্ট)। এনসিপি প্রতিনিধিদলে ছিলেন জাবেদ রাসিন, মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া, আলাউদ্দিন মোহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং মো. আব্দুল্লাহ আল ফয়সাল।