কুষ্টিয়ার দৌলতপুরে মথুরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হোসেনাবাদ ঈদগা মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সন্টুর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামী ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি দাবি করেন, জামায়াতের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে কোরআন শরীফ হাতে শপথ করিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। বাচ্চু মোল্লা সাধারণ মানুষকে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানান।
তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশেও সতর্কবার্তা দেন। তার ভাষ্য, “আগস্টের পর দৌলতপুরে কাউকে বিরক্ত করা হয়নি। তবে কোনো ধরনের গোপন সমঝোতা বা অপচেষ্টা হলে ছাড় দেওয়া হবে না।” তিনি সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের ভালো আচরণের বিনিময়ে ভালো ব্যবহার পাওয়ার আশ্বাস দেন।
বাচ্চু মোল্লা সভায় শহীদ জিয়াউর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সেচ প্রকল্প, পল্লী বিদ্যুৎ এবং যুবকদের বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগ দেশকে এগিয়ে নিয়েছিল।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি মাঠে-ঘাটে, ধান কাটার জায়গায় বা পানবরজে গিয়ে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়ার অনুরোধ করেন।
কর্মসূচি পরিচালনা করেন বিএনপি নেতা মহাসিন আলী। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পথসভায় হাজারো নেতা-কর্মীর উপস্থিতি ছিল বলে আয়োজকেরা জানান।