নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫–এর ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা।
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের জন্য বড় সম্মান। তিনি জানান, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, উৎসাহব্যঞ্জক ও বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের প্রতি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারী সব দেশকে স্বাগত জানান এবং আয়োজক, ক্রীড়াবিদ ও সব সহযোগী প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে বিশ্বকাপের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন। লজিস্টিকস, নিরাপত্তা, দলগুলোর আবাসন ও দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
৮ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ১১টি দেশ—বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, থাইল্যান্ড, চায়নিজ তাইপেই, জার্মানি, কেনিয়া, ইউগান্ডা, পোল্যান্ড ও জানজিবার। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল ২৪ নভেম্বর।
অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে নারীরা ধারাবাহিকভাবে সাফল্য দেখাচ্ছেন এবং সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। নারী ক্রীড়াবিদদের সাফল্য দেশের জন্য গর্বের এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বলেও তিনি মন্তব্য করেন।