ঢাকায় চীনা চলচ্চিত্র স্নো লেপার্ড–এর বিশেষ প্রদর্শনী

ঢাকায় অনুষ্ঠিত হলো চীনা চলচ্চিত্র স্নো লেপার্ড–এর একটি বিশেষ প্রদর্শনী। সোমবার বারিধারায় আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষক–শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

দর্শকেরা চলচ্চিত্রটি উপভোগ শেষে জানান, এ ধরনের উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। পাশাপাশি চীন ও বাংলাদেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলচ্চিত্রটি নির্মিত হয়েছে দক্ষিণ–পশ্চিম চীনের সিচাং বা তিব্বতের মনোরম পাহাড়ি অঞ্চলে। সেখানে বিরল প্রজাতির তুষারচিতার জীবন, পরিবেশ এবং মানুষ–প্রকৃতির সহাবস্থানকে কেন্দ্র করে গল্পটি সাজানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা পেমা সেদান, যিনি সিচাং অঞ্চলের সংস্কৃতি ও মানুষের জীবন তুলে ধরার জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

স্নো লেপার্ড প্রকৃতি, নৈতিকতা ও সহাবস্থানের সংবেদনশীল বার্তা তুলে ধরে। দর্শকদের মানুষ ও প্রাণীর সম্পর্ক নতুনভাবে ভাবতে উৎসাহিত করে। পাশাপাশি আধুনিক সিচাংয়ের সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রারও একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরে।

এই প্রদর্শনীর আয়োজন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এর আগে গত ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটি চীনের মহাকাশ অভিযানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র শেনচৌ–১৩ প্রদর্শনের আয়োজন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *