রাশিয়ান যুদ্ধজাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে

 

চট্টগ্রাম বন্দরে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’। সোমবার সকালে জাহাজটি বন্দরে নোঙর করলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার রুশ কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠানে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে।

জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালীন সময়ে রাশিয়ান জাহাজের অধিনায়ক ও প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি রুশ নৌসদস্যরা নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তক অর্পণ করবেন এবং নৌবাহিনী ঘাঁটি, যুদ্ধজাহাজ, বিএন আশার আলো স্কুলসহ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজটি ঘুরে দেখবেন। উভয় দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শুভেচ্ছা সফর শেষে ‘গ্রিমিয়াশ্চি’ আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *