আইপিএল ২০২৬–এ রাজস্থান রয়্যালসের (আরআর) প্রধান কোচ ও ক্রিকেট পরিচালক—দুই ভূমিকাতেই থাকছেন কুমার সাঙ্গাকারা। গত মৌসুমে ব্যাটিং কোচ থাকা বিক্রম রাঠোরকে নেওয়া হয়েছে সহকারী কোচের পদে।
চলতি বছরের সেপ্টেম্বরে ইএসপিএনক্রিকইনফো খবর দিয়েছিল—সাঙ্গাকারার নতুন পদবিটা আসলে আনুষ্ঠানিকতারই নাম। কারণ ২০২৫ মৌসুমের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও ফ্র্যাঞ্চাইজি আগস্টে আলাদা হয়ে যায়।
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সাঙ্গাকারা রাজস্থান দলের কোচ ছিলেন। সেই সময়ই দলের পারফরম্যান্সে একধরনের স্থিরতা আর উন্নতি দেখা যায়। তাঁর নেতৃত্বেই দল ২০২২ সালে ফাইনালে ওঠে এবং ২০২৪–এ প্লে–অফে খেলে।
রয়্যালসের লিড–ওনার মনোজ বাদালে বলেন, “সাঙ্গাকারাকে আবার কোচ হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। এই দলে কী দরকার—তা ভেবে আমরা মনে করেছি, খেলোয়াড়দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, নেতৃত্ব আর দলীয় সংস্কৃতি সম্পর্কে তার পরিষ্কার ধারণা—এসবই এখন দলের জন্য সবচেয়ে জরুরি। তাঁর শান্ত স্বভাব, পরিষ্কার মন আর ক্রিকেট–বুদ্ধি দলকে নতুন পথে এগোতে সাহায্য করবে।”
রাঠোরকে সহকারী কোচ করার পাশাপাশি দল জানিয়েছে—শেন বন্ড আগের মতোই বোলিং কোচ থাকছেন। ট্রেভর পেনি থাকছেন সহকারী কোচ, আর সিড লাহিড়ি পারফরম্যান্স কোচ।
সাঙ্গাকারা বলেন, “আবার কোচ হিসেবে ফিরে আসতে পেরে ভালো লাগছে। এই প্রতিভাবান দল নিয়ে কাজ করতে আমি সবসময়ই আনন্দ পাই। বিক্রম, ট্রেভর, শেন আর সিড—সবাই তাদের নিজের জায়গায় অভিজ্ঞ। আমরা মিলে দলকে যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত করতে চাই। আমরা জানি আমাদের লক্ষ্য কোথায়—স্পষ্টতা, দৃঢ়তা আর উদ্দেশ্যের সঙ্গে খেলা দল তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তবে এবার তারা নতুন এক অধিনায়কের সঙ্গে কাজ করবে। কারণ রাজস্থান সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ট্রেডে তারা নিয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে।
এছাড়া দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বা ট্রেড করা হয়েছে নিতীশ রানা, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজল হক ফারুকি, কুমার কার্তিকেয়া, কুনাল সিংহ রাঠোর, মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। অন্যদিকে জাদেজা ও কারানের সঙ্গে দলে এসেছে দিল্লি ক্যাপিটালসের ডোনাভান ফেরেইরা।
আগামী নিলামে তাদের হাতে আছে ১৬.০৫ কোটি রুপির বাজেট। দলকে মোট নয়টি শূন্যস্থান পূরণ করতে হবে, যার একটি বিদেশি কোটা।