রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদেরকে পিছনে রেখে সমাজ এগোতে পারে না। সামনে যেতে হলে মা-বোনদেরকেই সঙ্গে নিতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নিবরাস মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদের ভূমিকা দেখলেই বোঝা যায়—ইসলামের অগ্রযাত্রায় নারীদের অবদান কত গভীর। তিনি জানান, সমাজ ও রাষ্ট্রে দৃশ্যমান পরিবর্তন আনতে বেশি করে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও নারী বিজ্ঞানী তৈরি করতে হবে।
ড. খালিদ হোসেন আরও বলেন, “আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। ভেদাভেদ নয়, আমাদের একে অন্যের হাত ধরে এগোতে হবে।” তিনি গীবত, পরনিন্দা ও পরচর্চা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিতেও জানতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা,
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক,
- হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক,
- নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
অনুষ্ঠানের শেষে ধর্ম উপদেষ্টা হাফেযুল কুরআন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।