উখিয়ায় এনসিপির পথসভা: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

 

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া স্টেশনে আজ বিকাল ৩টা থেকে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির গণ আলাপ ও পথসভা শুরু হয়। জুলাই সনদের বাস্তবায়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আসন্ন গণভোটকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সাঈদ স্বাধীন ও শামীম ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আবদুল মোমেন এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পি।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, উখিয়া-টেকনাফ দেশের ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তিনি বলেন, সমুদ্র অর্থনীতি ও পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এমন পরিবেশ তৈরি করতে চান যাতে এখানকার তরুণরা চাকরির পিছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, নাফ নদীতে সীমান্ত হত্যা বন্ধ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং জেলে, পানচাষী ও লবণচাষীদের ন্যায্য অধিকার আদায়কে এনসিপি অগ্রাধিকার দেবে।

বিশেষ অতিথি কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক ও এনসিপি কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক বলেন, এনসিপি কর্তৃত্ববাদী ও সামন্তবাদী কাঠামোর পরিবর্তন চায়। তার মতে, কৃষক-শ্রমিক-মজুরসহ প্রান্তিক মানুষের হাতে রাষ্ট্রক্ষমতার অংশীদারিত্ব ফিরিয়ে আনাই এনসিপির লক্ষ্য।

প্রধান বক্তা ও কক্সবাজার–৪ আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ হোছাইন বলেন, জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয়, তাহলে উখিয়া-টেকনাফ এলাকায় শিক্ষা ও জনস্বাস্থ্যে আধুনিকায়ন করা হবে। তিনি সীমান্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আশা ব্যক্ত করেন।

এছাড়া বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আতহার সাকিফ, জিনিয়া শারমিন রিয়া, এনসিপি টেকনাফের প্রধান সমন্বয়কারী সায়েম সিকদার, উখিয়ার সংগঠক আকতার হোছাইন, ছাত্রশক্তির নেতা আমিনুর রশিদ রিয়ান ও মোহাম্মদ সোহেল।

বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ পথসভায় বক্তারা জুলাই সনদের ভিত্তিতে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *