ভারতের আশ্রয়ে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত আনার বিষয়ে আমরা রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারি কি না—তা নিয়ে শিগগিরই একটি বৈঠক হবে।”
তিনি জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) মানবতাবিরোধী অপরাধ মামলায় দুজনকেই দোষী সাব্যস্ত করেছে। তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে।
তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ন্যায়বিচারের স্বার্থে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। ভারতকে তাদের প্রত্যর্পণ চুক্তির দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিচ্ছি।”