শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত কলম্বোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। এই আয়োজনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ বৃহস্পতিবার (২০শে নভেম্বর ২০২৫) চট্টগ্রাম নৌ জেটি থেকে যাত্রা শুরু করেছে।
চট্টগ্রাম ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিদায় অনুষ্ঠানে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা এবং নৌ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, সামরিক বিশারদ এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ অংশ নেবে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তা সহ মোট ১৫০ জন নৌ সদস্য অংশগ্রহণ করছেন।
আয়োজনে যোগদানের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার এবং অবৈধ মাছ ধরার মতো অপরাধ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও এই সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ নৌবাহিনী আগে বহুবার বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে। এতে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনা করছে নৌবাহিনী।
এ সফরের মাধ্যমে নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে জাহাজ ‘প্রত্যয়’ আগামী ৫ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামে ফিরে আসবে।