অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে ঢাকা সমর্থন করে না : উপদেষ্টা খলিলুর রহমান

 

ভারতের দিল্লিতে সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন ও কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে ভারতের সফররত বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্টভাবে বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে ঢাকা সমর্থন করে না।

উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আমরা জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল‍্যবোধকে সমর্থন করি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ভারত মহাসাগরের শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক নীতিকেও সমর্থন করে।

তিনি আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখার গুরুত্বও উল্লেখ করেন। খলিলুর রহমান জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে অবস্থান অপরিবর্তিত।

এছাড়া তিনি টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক উদ্যোগ এবং মৌলিক অধিকারের সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক সময়ে দেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, সাইবার নিরাপত্তা এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দেশের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখার মাধ্যমে নাগরিকদের গোপনীয়তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে কোনো ধরনের হুমকি সৃষ্টি রোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *