গাজীপুরে মহিষভর্তি দুই ট্রাক ছিনতাই, ৯৯৯–এ ফোনে উদ্ধার;

 

গাজীপুর সদরের হারিনাল বাজারে মহিষভর্তি দুইটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দ্রুত অভিযানে গিয়ে ট্রাক দু’টি উদ্ধার করেছে। সোমবার (১৭ নভেম্বর ) বিকেল পৌণে পাঁচটার দিকে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ঘটনাটি জানান।

ফোনকারী জানান, হারিনাল বাজার এলাকায় ডাকাতরা দুইটি ট্রাক থামিয়ে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়েছে এবং ট্রাকগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। মারধরের শিকার দুই ড্রাইভার ঘটনাস্থলেই কান্নাকাটি করছিলেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল মো. আকবর হোসেন কলটি গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানাকে জানান। পুরো বিষয়টি তদারক করেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. আব্দুল বারী।

সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে মানবকল্যাণ যুবসংঘের সামনে থেকে দুইটি ট্রাক আটক করতে সক্ষম হয়। এসময় এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার নাম শামীম আহমেদ (৩২), ওরফে মুরগী শামীম, ওরফে গোল্ডেন শামীম। বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, মহিষবোঝাই ট্রাক দুইটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল। পথে গাজীপুরে এসে ডাকাতির শিকার হয়। এ ঘটনায় ড্রাইভার লোকমান হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন।

পুলিশ টহলটিমের নেতৃত্বে থাকা এসআই মিজানুর রহমান ৯৯৯–কে উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাকী ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *