সারাদেশ তিন জোনে ভাগ করল ইসি

.

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন ধরনের জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জোনভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এবং বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের বৈঠকের পর। ইসি সচিব জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমনওয়েলথ সার্বিক সহযোগিতা দিতে আগ্রহী এবং তারা পর্যবেক্ষক পাঠাতেও প্রস্তুত।

তিনি আরও বলেন, বৈঠকে কমনওয়েলথ মহাসচিবের কাছে কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোট প্রদান (ওসিভি), গণভোট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে এবং কমিশন জানায়, তারা পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

ইসি সচিব জানান, এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা তাদের আসার সময় নির্ধারিত হয়নি। প্রবাসী পর্যবেক্ষক দলও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে।

প্রবাসীদের ভোটদানের বিষয়ে ইসি সচিব বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ওসিভি পদ্ধতিতে বিদেশে বসবাসকারী নাগরিকদের ভোটের সুযোগ দেওয়া হচ্ছে—এটি জেনে কমনওয়েলথ মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। একইভাবে আইসিপিভি পদ্ধতির আওতায় দেশের ভেতরে প্রায় ১০ লাখ দায়িত্বশীল ব্যক্তিকেও ভোটদানের সুযোগ দেওয়াকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন।

গণভোট আয়োজন প্রসঙ্গে মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা কঠিন কাজ হলেও নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখে তিনি আশাবাদী।

সংবাদ সম্মেলনের শেষে ইসি সচিব জানান, কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতির প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এবারকার জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *