মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা: পুলিশের ভূমিকায় ক্ষোভ সিপিবির

 

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করেছে, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের কিছু সদস্যও এই সহিংসতায় অংশ নিয়েছে। সিপিবির দাবি—দেশজুড়ে পীর-ফকির, বাউল ও মাজারপন্থী মানুষের ওপর হামলা, গ্রেপ্তার ও নির্যাতন বাড়ছে, আর সরকার এসব ঘটনার বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং উগ্র ডানপন্থী শক্তিকে উৎসাহ দিচ্ছে।

রবিবার (২৫ নভেম্বর ২০২৫) এক যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই অঙ্গীকার থেকে সরকার সরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে সিপিবি নেতারা নিপীড়িত বাউল-ফকির ও মাজারপন্থী মানুষের পাশে দাঁড়াতে বিবেকবান নাগরিকদের আহ্বান জানান। একই সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে প্রান্তিক জনগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগতভাবে নির্যাতিত মানুষ, কৃষক-শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীদের নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট গঠনের কথা বলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *